শ্রীবরদীতে ব্যবসাপ্রতিষ্ঠানের গুদাম থেকে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৪

শেরপুরের শ্রীবরদীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গুদাম থেকে ৫৮০টি ইয়াবা বড়ি ও দুই বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার পশ্চিম তাতীহাটি এলাকার মেসার্স শুভ এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশিক মিয়া (২২), মাহমুদুল মিয়া (২৭), মো. মিস্টার (৩৫) ও মো. এমদাদুল হক (৪২)। আশিকের বাড়ি ঝিনাইগাতী উপজেলার গুরু চরণ দুধনই গ্রামে, মাহমুদুলের বাড়ি শ্রীবরদী উপজেলার বালিজুড়ী এলাকায়, মিস্টারের বাড়ি উত্তর শ্রীবরদীতে এবং এমদাদুলের বাড়ি জামালপুরের পিয়ারপুর এলাকায়।
পুলিশ জানায়, শুভ এন্টারপ্রাইজের গুদামের উত্তর পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার চারজন ওই প্রতিষ্ঠান থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন। প্রতিষ্ঠানটির মালিক শুভও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযানের সময় তাঁকে পাওয়া যায়নি।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার আসামি শুভকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ভোরের আকাশ/রই