বাংলাদেশে স্বাস্থ্যসেবায় ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করতে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্য উপকরণ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এ সহায়তার পরিমাণ প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে চলমান সহায়তার বিভিন্ন দিক তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে ইউনিসেফের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্য উপকরণ দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাসহ বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে জানান, এই সহায়তার আওতায় নবজাতকের শরীর উষ্ণ রাখার জন্য নিউবর্ন ওয়ার্মার, শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী বিভিন্ন সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে কোল্ডচেইন সরঞ্জামসহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ সরবরাহ করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের উদ্ভাবন ও প্রযুক্তিগত সক্ষমতাকে এগিয়ে নেওয়াই এই সহায়তার অন্যতম লক্ষ্য।
দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা আরও উন্নত করা এবং শিশুদের পুষ্টি ও টিকাদান কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ভোরের আকাশ/ এনউব