লালমনিরহাটে পুলিশের হাত থেকে পালালো আসামী

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে আটক করতে গিয়ে স্থানীয় জনতার একাংশের ‘মব’ বা মারমুখী আচরণের শিকার হয়েছে পুলিশ। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে অবরুদ্ধ পুলিশ সদস্যরা আটক ব্যক্তিকে ছেড়ে দিতে বাধ্য হন। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার টংভাংগা ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রিমন ও তুহীন, সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর হাকিমসহ হাতীবান্ধা থানা পুলিশের একটি দল ভবানীপুর এলাকার মৃত জসীম উদ্দিনের ছেলে মাদক কারবারি হামিদুল ইসলামকে(৩৭) আটক করে। আটক হামিদুলের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে।
আটকের পর মাদক কারবারী হামিদুলকে নিয়ে আসার সময় হামিদুলের পরিবারের সদস্য ও স্থানীয় কিছু লোক জড়ো হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে রওনা দিলেও, তার আগেই পরিস্থিতি চরম অবনতিতে রূপ নেয়। তোপের মুখে পড়ে একপর্যায়ে পুলিশ হামিদুলকে ছেড়ে দিতে বাধ্য হয়। জনগণের তোপের মুখে এবং মব সৃষ্টি করার কারণে হামিদুল পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি রমজান আলী জানান, পুলিশের হাতে আটক হামিদুলের বিরুদ্ধে আগের মাদক মামলা রয়েছে। তাকে ধরতে গিয়ে পুলিশ যে বাধার সম্মুখীন হয়েছে,যারা মব সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মব সৃষ্টির কারণেই পুলিশ বাধ্য হয়েছে হামিদুল কে ছেড়ে দিতে। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে যারা মব সৃষ্টি করেছে এবং হামিদুল কে গ্রেফতারের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/এনউব