তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, শেষমেশ যা হলো...

বগুড়ার ধুনট থানার এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে অভিযোগ তদন্তে গিয়ে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এসআই মোস্তাফিজার রহমানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক নারী গত ২১ জুন থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন, এক দালালের মাধ্যমে তার ছেলেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হলেও চুক্তি অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মোস্তাফিজার রহমানকে।
তদন্তের প্রয়োজনে কয়েক দফা ওই নারীর বাড়িতে যান এসআই মোস্তাফিজার। এ সময় তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে বলে অভিযোগ ওঠে। পরে মোবাইল ফোনে তাদের কথোপকথনের কিছু আপত্তিকর অডিও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে বিষয়টি তদন্তে নামে পুলিশ।
পরবর্তীতে ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শুকুর আলীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তে এসআই মোস্তাফিজার রহমান ও ওই নারীর মধ্যে মোবাইল ফোনে কথোপকথনের কিছু অডিও ক্লিপ পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত ১০ জুলাই তদন্ত প্রতিবেদন পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ১২ জুলাই এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শুকুর আলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এসআই মোস্তাফিজার রহমানকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান বলেন, ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এনএ