কক্সবাজারে হেরোইন ও ক্রিস্টাল আইসসহ মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজার সদরের উত্তর ডিককুল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও ক্রিস্টাল আইসসহ মোহাম্মদ আজিজ (২৬) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
তিনি জানান, উত্তর ডিককুল এলাকায় একটি মাদক সিন্ডিকেট বড় ধরনের মাদক চালান বেচাকেনা ও হাতবদলের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা আলী আহাম্মদের টিনশেড বাড়িতে অভিযান চালান।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ আজিজকে আটক করা হয়। গ্রেফতার আজিজ সদর উপজেলার উত্তর ডিককুল এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তার বসতঘর ও হেফাজতে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা, ১৮০ গ্রাম হেরোইন, ৪৮ গ্রাম ক্রিস্টাল আইস (আইস) এবং মাদক কারবারে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।
র্যাবের সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান , প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজ নিজেকে একটি আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও পাচারের সঙ্গে জড়িত ছিল।
এছাড়া তার বিরুদ্ধে ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এবং ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদক সংশ্লিষ্ট তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে।
ভোরের আকাশ/ র.ই