নারায়ণগঞ্জে রেল পুলিশের এসআই ও কনস্টেবলকে গণপিটুনি

নারায়ণগঞ্জে দুই যুবককে আটক করাকে কেন্দ্র করে রেল পুলিশের এক এসআই ও এক কনস্টেবলকে গণপিটুনির ঘটনা ঘটেছে।
রোববার (১৫ মার্চ) বিকেল পাঁচটার দিকে শহরের গলাচিপা ও আলমখান লেনের মাঝামাঝি রেললাইন সংলগ্ন থানাকাপড় মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ইউনিফর্ম পরা অবস্থায় এবং কনস্টেবল আরিফ সাদাপোশাকে সেখানে টহলে ছিলেন। এ সময় দুই যুবককে মাদক সেবনের অভিযোগে আটক করে সিএনজিতে তোলার চেষ্টা করেন তারা।
এ সময় স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দুই যুবককে আটকের কারণ জানতে চান। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং পুলিশ সদস্যদের মারধর করে। এতে কনস্টেবল আরিফ রক্তাক্ত আহত হন এবং তার মাথা ফেটে যায়। এসআই মিজানুর রহমানের পোশাকও ছিঁড়ে যায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার মোবাইল ফোন ও মানিব্যাগও নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই মিজানুর রহমানের সঙ্গে থাকা এক সোর্স নিজেকে র্যাবের লোক বলে পরিচয় দিলে পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে ওঠে। পরে স্থানীয়রা তাদের থানাকাপড় মার্কেটের একটি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তবে আটক দুই যুবককে কেন ধরা হয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা না পেয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে।
আটক হওয়া যুবক রমজান হোসেন জানান, তিনি একটি কারখানায় ওয়াশিং প্লান্টে কাজ করেন। এক সহকর্মীকে নিয়ে মার্কেটে কেনাকাটা করতে এসে রেললাইনের পাশে বসেছিলেন। এ সময় পুলিশ তাদের আটক করে সিএনজিতে তোলার চেষ্টা করলে তারা চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, দুই মাদকসেবীকে আটক করে পুলিশ ফাঁড়িতে নেওয়ার সময় স্থানীয় জনতা সিএনজি থেকে পুলিশ সদস্যদের মারধর করে এবং দুই যুবককে ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ভোরের আকাশ/এসএইচ