জয়পুরহাটে অনুষ্ঠিত হলো জেলা ইমাম সম্মেলন

‘দেশের চাবি আপনার হাতে, পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোট দিন’ এই স্লোগানকে সামনে রেখে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো জেলা ইমাম সম্মেলন ।
রোববার (২৫ জানুয়ারি) সকালে জেলা মডেল মসজিদ মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে এই ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা। অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, হানাইল নোমানিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিম, প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা মডেল মসজিদের ইমাম মহসিনসহ জেলার বিভিন্ন মসজিদের ৭৫০ ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি- জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের বাস্তবায়নের জন্য যে ভোটগ্রহণ করা হবে তা যেন আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ‘হ্যাঁ’ ভোট দিলে সবকিছু পাবেন। ‘না’ ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন পরির্বতনের চাবি এবার আপনারই হাতে। ‘হ্যাঁ’ ভোটে টিক চিহ্ন দিয়ে সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করবেন।
ভোরের আকাশ/তা.কা