ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সেই সঙ্গে তাদেরকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক সুদিপ্তা সরকার এই রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আরিফ, রাকিব ও সিয়াম। এই মামলায় অপ্রাপ্তবয়সী অপর আসামি মারুফকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ।
মামলার সূত্রে জানা গেছে, গত ১৪ জুন বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের তাজু মিয়ার মেয়ে শিশু নিছামনিকে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন নিছামনির পিতা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে মামলার মাত্র ৯ দিনে ৪ আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে উভয় পক্ষের শুনানী শেষে ঘটনার ২৫ দিনের মধ্যে আদালত তিনজন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেন নিছামনির বাবা-মা। তারা এই রায় কার্যকর করতে সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানান।
ভোরের আকাশ/ র.ই