হ্নীলায় ডাম্পারের ধাক্কায় শতবর্ষী বৃদ্ধ নিহত, চালক পলাতক

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় মাটিভর্তি একটি ডাম্পারের ধাক্কায় আবুল হাশেম (১০১) নামের এক শতবর্ষী বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ডাম্পারটিতে অবৈধ পাহাড়ি মাটি বহন করা হচ্ছিল।
নিহত আবুল হাশেম হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পানখালী এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল কাদের ও মৃত সোনা বানের ছেলে। মৃত্যুকালে তিনি সাত ছেলে ও আট মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আবুল হাশেম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মাটিভর্তি একটি ডাম্পার বেপরোয়া গতিতে যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে হ্নীলা ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, ডাম্পারের ধাক্কায় তার হাত, কোমর ও পায়ে গুরুতর আঘাত লাগে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানেও জখম হয়।
হ্নীলা ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শংকর চন্দ্র দাস বলেন, গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোসাইন আহমদ বলেন, মাটিভর্তি ডাম্পারের ধাক্কায় এলাকার সবচেয়ে প্রবীণ মুরব্বির মৃত্যু হয়েছে। তার বাড়ির সামনে দিয়ে পাহাড়ি মাটি বহনের সময় এ ঘটনা ঘটে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, পানখালী এলাকায় ডাম্পারের ধাক্কায় আবুল হাশেম নামের একজন প্রবীণ মুরব্বি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত ডাম্পার ও চালককে এখনো শনাক্ত করা যায়নি।
টেকনাফ মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে বিধি অনুযায়ী দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ডাম্পার ও চালককে শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে।
পাহাড়ি মাটি পরিবহনের সময় সড়কে এমন দুর্ঘটনা স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ভোরের আকাশ/আ.র