তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বেলা ১২ টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার ও বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এর নিকট থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড: একেএম মাহবুবর রহমান, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক এমপি গোলাম মোঃ সিরাজ, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড: হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে মনোনয়নপত্র উত্তোলনের খবর শুনে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা রিটার্নিং কার্যালয়ের চত্বরে ভীড় করেন।
ভোরের আকাশ/এসএইচ