সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি বাতানপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (২৩) নামে এক গার্মেন্টস কর্মীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জে নাসিকের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া শাহজাহান মাস্টারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত সাদিয়া আক্তার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের ইউসুফ মোল্লার মেয়ে।
নাসিকের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া শাহজাহান মাস্টারের বাড়িতে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা ৬ বছরের শিশুসহ ভাড়া থাকতো। তবে মরদেহ উদ্ধারের আগেই স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা ৬ বছরের শিশুটি নিখোঁজ হয়ে যায়। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। কথিত স্বামী ও সন্তান নিখোঁজ থাকায় ঘটনাটি নিয়ে ব্যাপক রহস্য সৃষ্টি হয়েছে বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী।
পুলিশ জানায়, গত ১ জুলাই সাদিয়া তার ৬ বছরের কন্যাশিশু ও স্বামী পরিচয় দেওয়া এক অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে ওই বাসাটি ভাড়া নেন। বাড়ীর মালিক শাহজাহান মাস্টার জানিয়েছেন, বাসা ভাড়ার সময় নিহত সাদিয়া নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেও স্বামী পরিচয় দেওয়া ব্যক্তির পরিচয়পত্র পরে দিবেন।
প্রাথমিকভাবে পুলিশ সাদিয়ার মুখের বাম পাশে আঘাতের চিহ্ন ও রক্ত জমাট দেখতে পেয়েছে। এখনও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ধারণা করছে, সোমবার ভোর থেকে রাতের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, এটি রহস্যজনক মৃত্যু। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/র.ই