নড়াইলে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম

নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রি ও সেবন করতে বাঁধা দেওয়ায় দুই নারীসহ একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মাকড়াইল গ্রামের খাইরুল সিকদার (৪০), খাইরুলের স্ত্রী মুক্তা বেগম (৩৬) খাইরুলের তিন ভাই জামিরুল সিকদার (৩৫), রেজাউল সিকদার (৩০) ও ইকরামুল সিকদার (২৪) এবং তাঁদের মা কুলসুম বেগম (৫৫)।
আহত খাইরুল সিকদার জানান, একই গ্রামের রুহুল সিকদারের ছেলে জুয়েল সিকদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত। গত সপ্তাহে তিনি জুয়েলের মাদক বিক্রির প্রতিবাদ করলে তাঁকে ও তাঁর ভাইদের হত্যার হুমকি দেওয়া হয়।ওই ঘটনার জের ধরে শনিবার রাতে তিনি ও তাঁর তিন ভাই বাজার থেকে বাড়ি ফেরার পথিমধ্যে জুয়েল সিকদারসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, হামলার সময় তাঁর স্ত্রী মুক্তা বেগম ও মা কুলসুম বেগম তাদের রক্ষা করতে এগিয়ে আসলে তাঁদেরও মারধর করা হয়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁদের নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত জুয়েল সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন,এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/ এনউব