৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে ৫০ বছরের ব্যক্তির যাবজ্জীবন

চাঁদপুরের মতলব উত্তরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. অরুণ ভুঁইঁয়া (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২২ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অরুণ ভুঁইয়া মতলব উত্তর উপজেলার গজরা ভুঁইয়া বাড়ির মৃত আব্দুল কাদির ভুঁইয়ার ছেলে। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রধান।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ জুলাই বেলা ১১টার দিকে ৭ বছরের ওই শিশু তার ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের জমিতে বীজ পাহারা দিতে যায়। কিছু সময় পর বোনকে সেখানে বসিয়ে রেখে ভাই খাবার খেতে গেলে এই সুযোগে অরুণ ভুঁইঁয়া শিশুটিকে ধর্ষণ করেন।
রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়ি ফিরে তার দাদিকে পুরো ঘটনা জানায়। ঘটনার সময় ভুক্তভোগী শিশুর বাবা-মা চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। তারা বাড়িতে ফিরে বিষয়টি জানতে পেরে ওই বছরের ১৪ জুলাই মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও তৎকালীন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক আলী আসামিকে গ্রেপ্তার করে ১৫ জুলাই আদালতে সোপর্দ করেন। পরবর্তীতে তদন্ত শেষে একই বছরের ২০ অক্টোবর তিনি আদালতে চার্জশিট দাখিল করেন।
সরকার পক্ষের আইনজীবী ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা জানান, বিচারিক প্রক্রিয়ায় আদালতে মোট ছয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ, আসামির অপরাধ স্বীকার এবং মামলার নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে বিচারক এই রায় প্রদান করেন।
ভোরের আকাশ/এম