ট্রাক-কাভার্ডভ্যানের অবৈধ পার্কিং বন্ধে শেরপুরে মানববন্ধন

বগুড়ার শেরপুর উপজেলার দারিদহ-নাটোর আঞ্চলিক সড়কে কোয়ালিটি ফিড কোম্পানি লিমিটেডের ভারী যানবাহন পার্কিং ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার সকাল ১১টার দিকে শেরপুর সংলগ্ন ওই সড়কে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব অভিযোগ তুলে ধরা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কারখানা কর্তৃপক্ষের নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০টি ভারী ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের দুই পাশে এলোমেলোভাবে পার্ক করে রাখা হয়। এতে আঞ্চলিক সড়কটি সংকুচিত হয়ে পড়ে এবং নিয়মিত তীব্র যানজটের সৃষ্টি হয়।
তাদের অভিযোগ, যানজটের কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বাড়ছে। এমনকি জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় যানজটে আটকে পড়ছে।
স্থানীয় বাসিন্দা মো. শিহাব উদ্দিন বলেন, দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে কোয়ালিটি ফিডের কারণে স্থানীয়রা নানা ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিদিন বিপুলসংখ্যক ভারী যানবাহন চলাচল ও সড়কে পার্কিংয়ের কারণে সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, আগামী সাত দিনের মধ্যে সড়কে অবৈধ পার্কিং বন্ধ করে যানজট নিরসন করা না হলে স্থানীয়দের সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন। এ সময় মো. আনিছুর রহমান, মো. মোতাহার হোসেন, মো. শামীম, মো. জিম, মো. সৌরভ, মো. জিন্নাহ, মো. সজিব ও মো. শিলুসহ শতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত সড়কের ওপর ভারী যানবাহনের পার্কিং বন্ধ, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত এবং জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের কার্যকর ও আইনানুগ পদক্ষেপ দাবি করেন।
ভোরের আকাশ/জেআ