পানছড়িতে সিএনজি উল্টে একজন নিহত, আহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে সিএনজিচালিত অটোরিকশার চাপায় তানিয়া আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা, বড় বোন ও এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে পানছড়ি থেকে খাগড়াছড়ি সদরে আসার পথে লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া আক্তার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ির পুরাতন বড়নাল এলাকার আনোয়ার হোসেন ও ডেইজি আক্তারের ছোট মেয়ে। আহতরা হলেন নিহতের মা ডেইজি আক্তার (৩৫), বড় বোন আঁখি আক্তার (১৭) এবং বিজিবি সদস্য আব্দুর রাজ্জাক।
স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া তার মা ও বড় বোনের সঙ্গে পানছড়ির পাইলট ফার্ম এলাকায় ঘুরতে গিয়েছিল। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে খাগড়াছড়ি সদরে ফেরার পথে প্রিন্সিপাল পাড়া সড়কে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু তানিয়া। দুর্ঘটনায় তার মা ও বোনসহ তিনজন গুরুতর আহত হন।
এ ঘটনায় পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক শিশু নিহত ও তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।
নিহত শিশুর নানু মো. সিরাজুল ইসলাম বলেন, “আমার নাতনি তার মা ও বোনের সঙ্গে পানছড়ি থেকে খাগড়াছড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছে। বিপদ বলে-কয়ে আসে না। আমরা কোনো মামলা করব না।” ১২ বছরের তানিয়ার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ভোরের আকাশ/সু.পা