মাগুরায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদ কার্ড তৈরির প্রতিযোগিতা

“ঈদ কাটুক ঈদ কার্ডে” এই স্লোগানকে সামনে রেখে মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে শনিবার (১৪ মার্চ) সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আয়োজন করে মাগুরা জেলা প্রশাসন ও ‘পরিবর্তনে আমরাই’ নামের একটি সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা জাহিদুল ইসলাম, মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম এবং ‘পরিবর্তনে আমরাই’ সংগঠনের পরিচালক নাহিদুর রহমান দুর্জয়।
প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। রঙিন কাগজ, নানা রঙের রং ও নকশার আল্পনায় শিক্ষার্থীরা আকর্ষণীয় ঈদ কার্ড তৈরি করে, যা পুরো প্রতিযোগিতার পরিবেশকে উৎসবমুখর করে তোলে।
‘পরিবর্তনে আমরাই’ সংগঠনের পরিচালক নাহিদুর রহমান দুর্জয় বলেন, এক সময় ঈদ উপলক্ষে প্রিয়জনদের ঈদ কার্ড দেওয়ার একটি সুন্দর সংস্কৃতি ছিল। আধুনিক প্রযুক্তির যুগে সেই ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। সেই পুরোনো ঐতিহ্যকে নতুনভাবে ফিরিয়ে আনতেই এই আয়োজন।
তিনি আশা প্রকাশ করে বলেন, “ঈদ কার্ড ছিল, ঈদ কার্ড থাকবে প্রিয়জনদের কাছে ঈদের ভালোবাসা পৌঁছে দিতে আবারও ঈদ কার্ডের ব্যবহার বাড়ুক, সেটাই আমাদের প্রত্যাশা।”
ভোরের আকাশ/ র.ই