সিএনজিসহ ১০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে সিএনজিসহ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার (১০ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল টেকনাফ থানার কেরুনতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা উদ্ধার এবং এক মাদক পাচারকারীকে সিএনজিসহ আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা ইয়াবা, সিএনজি ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সূত্রে জানা গেছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে কোস্ট গার্ডের এ তৎপরতা অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/তা.কা