বাগেরহাটে কুপিয়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন

বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্ববিরোধের জেরে রহমত শেখ (২৮) নামে এক যুবককে ডেকে নিয়ে কলাবাগানে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে খুলনায় নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রহমত শেখ একই গ্রামের মতিয়ার রহমান শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রহমত শেখ একই গ্রামের বাসিন্দা ইসরাফিল ও ইয়াছিনের বাড়িতে গেলে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেখান থেকে বের হওয়ার পর অভিযুক্তরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে রহমতকে জোরপূর্বক পাশের একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় তার দুই হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি পা প্রায় শরীর থেকে আলাদা হয়ে যায় বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় রহমতকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত ব্যক্তি কয়েকজনের নাম উল্লেখ করেছেন। তাদের গ্রেপ্তারে এলাকায় অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নৃশংস এ হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ভোরের আকাশ/এসএইচ