পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে মৎস্যজীবীদের জন্য সরকারি বিভিন্ন প্রকল্পে বরাদ্দ করা অর্থ অনেক সময় যথাযথভাবে তাদের কাছে পৌঁছায় না। প্রয়োজনীয় লোকবল ও কার্যকর উদ্যোগের অভাবে বরাদ্দের অর্থ ফেরত যাওয়ার ঘটনাও ঘটছে।
বক্তারা আরও বলেন, বদ্ধ জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে মৎস্যচাষিদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। মাছের খাবার, উৎপাদন উপকরণ ও অর্থায়নের ব্যবস্থা সহজ করার পাশাপাশি ব্যাংকের ক্ষুদ্রঋণ প্রকল্পের সুবিধা যেন প্রকৃত মৎস্যচাষি ও মৎস্যজীবীরা পান, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আলোচনায় দেশের সামুদ্রিক মৎস্যসম্পদের বিপুল সম্ভাবনার কথাও তুলে ধরা হয়। বক্তারা বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল মৎস্যসম্পদ রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এ সম্পদ কাজে লাগানো গেলে জাতীয় অর্থনীতিতে মৎস্য খাত আরও বড় অবদান রাখতে সক্ষম হবে। সভায় মৎস্যজীবীদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা, বদ্ধ জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং সামুদ্রিক মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার জেলেরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এনউব