বরিশাল সদরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

মা ইলিশের প্রজনন সুরক্ষা ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশালের নদ-নদীতে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অসাধু উপায়ে ইলিশ শিকারের দায়ে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি উদ্ধার করা ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
গত সোমবার কীর্তনখোলা, আরিয়াল খাঁ ও কালাবদর নদীতে দিনভর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযানের পঞ্চম দিনে নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে পৃথক দুই মামলায় দুই মৎস্যজীবীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে উদ্ধার হওয়া ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ৫ কেজি ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়েছে।
অভিযান শেষে ইউএনও ফরিদা সুলতানা জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে আমাদের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে যেকোনো উপায়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত কিংবা বিক্রির চেষ্টা করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান পরিচালনাকালে বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন এবং ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভোরের আকাশ/ইউএম