সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদর আমলি আদালতে এমপি বিপ্লবকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক শিপন আহমেদ। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল হাসান।
এর আগে, গত ২২ জুন দিনগত রাত ১০ টার দিকে ঢাকার মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে। পরবর্তীতে গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে আরেক শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
ভোরের আকাশ/এসএইচ