টঙ্গীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র্যালির আয়োজন করা হয়েছে। গাজীপুর-৬ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর আউচপাড়া এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী কলেজ গেইটে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রভাষক বশির উদ্দিন। তিনি বলেন, “বিএনপি দেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল। গত ১৫ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের অসংখ্য নেতা-কর্মী জুলুম-নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা রাজপথে থাকব।”
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভোরের আকাশ//হ.র