চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ ও ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ভারতীয় মদ ও ১৪টি ভারতীয় গরু জব্দ করেছে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। সোমবার (১৮ মে) রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
সোমবার(১৮মে) দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মনোহরপুর বিওপির অভিযানে শিবগঞ্জের মনোহরপুর গ্রাম থেকে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এছাড়া সদর থানার নিশিপাড়া, খলিফারচর, সোনাদিয়াচর, কদমতলীচর ও কদমতলা এলাকায় পৃথক অভিযানে ৩৫ লক্ষ টাকা মূল্যের সর্বমোট ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরু শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে। চলতি মে মাসেই বিজিবি মোট ৩৩টি গরু ও ৯৮ বোতল মদ জব্দ করেছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, "আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদীপথে বিশেষ টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।"