চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ‘ঢাকা কনফেকশনারি’কে জরিমানা

চাঁদপুর শহরের জোড় পুকুর পাড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিক্রির অপরাধে ‘ঢাকা কনফেকশনারি’ নামক প্রতিষ্ঠানকে ৩০ হাজা টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, তদারকিকালীন সময়ে প্রতিষ্ঠানটির শোরুমের পেছনের ফ্রিজে বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ বার্গার ও সবজি রোল সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যায়। এছাড়া কিছু খাদ্যদ্রব্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এই অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘ঢাকা কনফেকশনারি’কে ৩০,০০০ টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার এই আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার মুচলেকা ও অঙ্গীকার প্রদান করেন।
অভিযান চলাকালীন জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাবার জনসমক্ষে ধ্বংস করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল। জনস্বার্থে ভোক্তা অধিকারের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কার্যালয় থেকে জানানো হয়েছে।
ভোরের আকাশ/এনউব