হাসপাতালে কাঁদছে অসুস্থ শিশু
কক্সবাজারে ঔষধ আনতে গিয়ে নিখোঁজ প্রবাসীর স্ত্রী

কক্সবাজার জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে অসুস্থ ৫ বছর বয়সী শিশু মরিয়ম মায়ের অপেক্ষায় কাঁদছে। তার মা কোহিনূর আক্তার হাসপাতাল থেকে ঔষধ কিনতে বের হয়ে আর ফিরে আসেননি। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ কোহিনূর আক্তার কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইলপাড়া এলাকার দুবাই প্রবাসী নুরুল আলমের স্ত্রী এবং দুই সন্তানের জননী। বুধবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে ঔষধ আনতে বের হয়ে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কোহিনূর আক্তার তার অসুস্থ কন্যা মরিয়মকে চিকিৎসার জন্য ৩ মার্চ উখিয়া থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডে ভর্তি করেন। পরদিন বুধবার দুপুরে মেয়ের জন্য বাইরের ফার্মেসি থেকে ঔষধ আনতে গিয়ে আর হাসপাতালের বেডে ফিরে আসেননি তিনি।
নিখোঁজের ঘটনায় কোহিনূরের শ্বশুর আলী আকবর ৪ মার্চ রাতে কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি জানান, হাসপাতালে ভর্তি থাকা নাতনীর জন্য ঔষধ কিনতে বের হয়ে তার পুত্রবধূ নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ কোহিনূরের ভাই মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে বোনের খোঁজে হাসপাতালে এসেছি। আমার বোন খুবই ভালো মেয়ে। সে নিখোঁজ হয়েছে নাকি অপহরণের শিকার হয়েছে—কিছুই বুঝতে পারছি না।” এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, হাসপাতাল থেকে এক অসুস্থ শিশুর মায়ের নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এদিকে স্বজনদের ধারণা, কোহিনূর আক্তারকে দুর্বৃত্তরা অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে পারে। পুলিশ তার সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
ভোরের আকাশ/ র.ই