কক্সবাজার পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে ছাত্রদল সভাপতি

কক্সবাজারে সাম্প্রতিক পাহাড়ধসে নিহত তিনটি পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তাদের বাড়ি পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পাহাড়ধসে নিহত নাছিমা আক্তারের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান।
পরে তিনি কলাতলীর ঝিরিঝিরি এলাকায় পাহাড়ধসে নিহত রোজিনার পরিবারের সদস্যদের খোঁজ নেন। এছাড়া কক্সবাজার সদরের ১২ নম্বর ওয়ার্ডের ছাত্তারঘোনা এলাকায় পাহাড়ধসে একই পরিবারের তিনজনসহ একাধিক নিহতের স্বজনদের সঙ্গেও সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন।
এ সময় রাকিবুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক অনুদান তুলে দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে তিনি বলেন, পাহাড়ধসে স্বজন হারানোর এই বেদনা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। নিহত নাছিমা আক্তারের বাড়িসহ মাটিচাপায় ক্ষতিগ্রস্ত পরিবারের বসতবাড়ি পুনর্নির্মাণে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করা হবে। পাশাপাশি কক্সবাজার জেলা ছাত্রদল সবসময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান, সিনিয়র সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরান এবং জেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোয় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামসহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা বলেন, স্বজন হারানোর এই শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তবে এমন কঠিন সময়ে তাদের বাড়িতে এসে খোঁজখবর নেওয়া, সমবেদনা জানানো এবং আর্থিক সহায়তা প্রদান তাদের জন্য বড় ধরনের মানসিক সাহস ও সান্ত্বনার উৎস হয়েছে।
ভোরের আকাশ/র.ই