পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট সংস্কার করে প্রশংসায় ভাসছেন বাদল পাঠান

পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট নিজস্ব অর্থায়নে সংস্কার করে সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন সম্ভাব্য মেয়র প্রার্থী মো. বাদল পাঠান।
বিশেষ করে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এলাকায় মানুষের আনাগোনা ও যাতায়াত বৃদ্ধি পাওয়ায়, পৌরবাসীর উৎসবের আনন্দ নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেন।
দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও অবহেলিত এসব রাস্তা মেরামত করে দেওয়ায় সাধারণ পথচারী ও সনাতন ধর্মাবলম্বীসহ সব মহলে তিনি এখন দারুণ জনপ্রিয় হয়ে উঠছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক।
বুধবার সকাল থেকে দিনব্যাপী মাধবপুর পৌরসভার বিভিন্ন সড়কের কার্পেটিং উঠে যাওয়া ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অংশে ইট, বালু ও কংক্রিট দিয়ে এই সংস্কারকাজ চালানো হয়। সম্ভাব্য এই মেয়র প্রার্থী জানান, উৎসবের মুখে পৌরবাসীর চলাচলের দুর্ভোগ লাঘবের জন্যই তিনি ব্যক্তিগত উদ্যোগে এই পদক্ষেপ নিয়েছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের আর কোথায় এমন রাস্তার সমস্যা রয়েছে, তা সাধ্য অনুযায়ী মেরামত করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি প্রতিশ্রুতি দেন, আগামীতে নির্বাচিত হতে পারলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই উন্নয়নমূলক কর্মকাণ্ড স্থায়ীভাবে অব্যাহত রাখা হবে।
সরেজমিনে দেখা গেছে, বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের আমগাছ এলাকাসংলগ্ন পূর্ব মাধবপুরের ১ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা সড়ক এবং ৭ নম্বর ওয়ার্ডের মাধবপুর বাজার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বিভিন্ন অংশ সংস্কার করা হয়। এর আগে গত চার দিন ধরে পৌর শহরের গোদামপাড়া থেকে শিবপুর পর্যন্ত যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তাও একইভাবে মেরামত করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কগুলোর পিচ ও কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। পূজা উপলক্ষে মানুষের ব্যস্ততা বাড়ায় এই ভোগান্তি আরও তীব্র রূপ নেয়। এই পরিস্থিতিতে সরকারি উদ্যোগের অপেক্ষা না করে বাদল পাঠানের এমন সময়োপযোগী পদক্ষেপে সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
ভোরের আকাশ/ এনউব