বরিশালে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও জরিমানা

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বরিশালের কীর্তনখোলা ও কালাবদর নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে চার জেলেকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত টানা চার ঘণ্টা এ অভিযান পরিচালিত হয়। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে চারজনকে তাৎক্ষণিকভাবে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং আদায় করা হয়।
এ সময় অবৈধভাবে ব্যবহৃত ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বা বিনষ্ট করা হয়। অভিযানে জব্দ করা ১০ কেজি মা ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযান চলাকালে জেলেদের মা ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা বলেন, "মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলতে হবে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এ সময়ে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকা সবার দায়িত্ব। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন এবং বরিশালের ব্যাটালিয়ন আনসার সদস্যরা, যারা পুরো কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বর্তমানে বলবৎ রয়েছে। নদ-নদীতে অবৈধ মাছ শিকার রোধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
বিশেষজ্ঞদের মতে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা গেলে আগামীতে দেশে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এই লক্ষ্য অর্জনে প্রশাসনের পাশাপাশি জেলেসহ স্থানীয় সর্বস্তরের জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভোরের আকাশ/সু.পা