সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে জিল্লার রহমান (৬৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চকপাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, সকালে বৃষ্টি হচ্ছিল। এ সময় জাল নিয়ে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান জিল্লার রহমান। মাছ ধরার এক পর্যায়ে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিল থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়পাঙ্গাসী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, বজ্রপাতে জিল্লার রহমানের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ বিল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/রই