শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের অভিমত গুরুত্বপূর্ণ : উপাচার্য

২৫ জুলাই (শনিবার) সকাল ১০:০০ টায় খুলনা খান বাহাদুর আহ্ছানউল্ল্যা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগ-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ‘অভিভাবক সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন, যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানোন্নয়নে অভিভাবকদের মতামত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, বিভিন্ন সুবিধা-অসুবিধা এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বাইরের সময়, বিশেষত বাসায় তাদের লেখাপড়ার পরিবেশ ও অগ্রগতির বিষয়ে অভিভাবকদের নিবিড় তদারকি ও সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, অভিভাবকরা তাঁদের মূল্যবান মতামত ও গঠনমূলক পরামর্শের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনের ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বিত ভূমিকা অপরিহার্য। শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এ ধরনের অভিভাবক সমাবেশ নিয়মিত আয়োজনের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার এবং রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। আইএসএলএম বিভাগের বিভাগীয় প্রধান ফারজানা শারমিন আনিকা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের শিক্ষক আহসান উল্লাহ অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন আনজির হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের এ ধরনের ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও আস্থা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক মোঃ নাজিম। পরবর্তীতে আইএসএলএম বিভাগের একাডেমিক কার্যক্রম, পাঠদান, গবেষণা, শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা প্রদর্শন করা হয়। পরে অভিভাবকদের সঙ্গে শিক্ষকবৃন্দের এক উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় অভিভাবকরা বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন, যার জবাবে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ প্রয়োজনীয় ব্যাখ্যা ও দিকনির্দেশনা প্রদান করেন।
ভোরের আকাশ/এনউব