চুয়াডাঙ্গায় মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ায় টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম ওরফে বরু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বাড়ির লোকজন টিউবওয়েলের পাশে বৈদ্যুতিক মোটরের কাছে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন।
নিহত শরিফুল ইসলাম দর্শনা থানার দর্শনা শান্তিপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) রাতে লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা কেরামত আলী (৬৫) ও তাঁর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে কেরামত আলীর স্ত্রী মারুফা বেগম (৫০) ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে বাড়ির দক্ষিণ পাশে টিউবওয়েলের কাছে অজু করতে যান।
এ সময় তিনি দেখতে পান, টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের মেইন তারের সঙ্গে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছেন। তাঁর হাতে কাঁচি ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
স্থানীয়রা পরে পরিচয় শনাক্ত করে জানতে পারেন, নিহত ব্যক্তি দর্শনার শান্তিপাড়া এলাকার শরিফুল ইসলাম ওরফে বরু।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে বৈদ্যুতিক পানির মোটর চুরি করতে গিয়ে শরিফুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ ঘটনায় বাড়ির মালিক কেরামত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
ভোরের আকাশ/জেআ