রংপুরে পদ্মরাগ এক্সপ্রেসের ৫ বগি লাইনচ্যুত, দীর্ঘ ১১ ঘণ্টা পর উদ্ধার

রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে সান্তাহার-লালমনিরহাট রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে করতোয়া ও দোলনচাঁপা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন পথে আটকে পড়ে এবং প্রায় পাঁচ শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়েন।
স্টেশন সূত্রে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী দোলনচাঁপা এক্সপ্রেসের ক্রসিং শেষে রওনা দিলে আউটার সিগনালের কাছে পৌঁছেই পাঁচটি বগি লাইনচ্যুত হয়। বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও রেললাইন ও সিগন্যাল ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর যাত্রীরা আতঙ্কে বগি থেকে নেমে বিকল্প যানবাহনের খোঁজ করতে থাকেন। পরে উদ্ধার কাজে লালমনিরহাট ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন পাঠানো হয়। রাত সাড়ে ১১টার দিকে বগি উদ্ধারের কাজ শেষ হয়।
পীরগাছা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইউসুফ আলী জানান, প্রকৌশল, ট্রাফিক ও সিগন্যাল বিভাগের সমন্বয়ে উদ্ধারকাজ শেষ হয়েছে। রাতের ট্রেন চলাচল বন্ধ থাকায় বুধবার সকাল থেকে স্বাভাবিকভাবে ট্রেন চলবে।
এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
ভোরের আকাশ//হ.র