পানির নিচে ৫০০ মিটার রেললাইন, পরিদর্শনে প্রতিমন্ত্রী

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ষোলশহর ও জানআলী হাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার অংশ পানির নিচে তলিয়ে গেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে এ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাঁটুসমান পানিতে নেমে গ্যাংকারে করে ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেন।
রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার থেকে অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে উক্ত এলাকার রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে ডুবে ছিল। পরিদর্শনের সময়ও সেখানে দেড় ফুটের মতো পানি জমে ছিল।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে ট্রেন চলাচলের নিরাপত্তা, জলাবদ্ধতার পরিস্থিতি এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার করণীয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে রেললাইনের কোনো স্থায়ী বা কাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি। পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে।
এদিকে, এ পরিস্থিতির কারণে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আর যাত্রা করবে না। পরিবর্তে ট্রেনটি বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান, তারা নির্ধারিত নিয়ম অনুসারে সংশ্লিষ্ট স্টেশনের টিকিট কাউন্টার থেকে ভাড়ার অর্থ ফেরত নিতে পারবেন।
ভোরের আকাশ/ইউএম