সিরাজগঞ্জ
অস্ত্র তৈরির সরংঞ্জামসহ সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুরে অস্ত্র ও অস্ত্র তৈরির সরংঞ্জাম সহ মাহবুবুর রহমান দিপু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের যমুনার চরাঞ্চল রেহাইসুরিবেড় গ্রামের মগবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান দিপুর কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক তোজাম্মেল হকের ছেলে। তার মা সুলতানা হক কাজীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, মাহবুবুর রহমান দিপু যমুনা নদীর প্রত্যান্ত অঞ্চল রেহাইসুরিবেড় গ্রামের মগবাজারের একটি ওয়ার্কশপের লেদ মেশিনে দেশীয় অস্ত্র পাইপগান তৈরি করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযানে দিপুকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল এবং পাইপগান তৈরির বিভিন্ন সরংঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। দুপুরে মাহবুবুর রহমান দিপুকে আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ র.ই