চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য কোনো নতুন কর আরোপ ছাড়াই ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্লিম উল্যা সেলিম এবং পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বাজেটে মোট রাজস্ব আয়: ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা, প্রারম্ভিক স্থিতি ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা, উন্নয়ন খাতে আয় (রাজস্ব উদ্বৃত্ত ব্যতীত) ১৩৪ কোটি ২০ লাখ টাকা, মোট রাজস্ব ব্যয় ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা, সমাপনী স্থিতি ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা, উন্নয়ন খাতে ব্যয় (রাজস্ব উদ্বৃত্তসহ) ১৪৫ কোটি ৭০ লাখ টাকা।
বক্তারা বলেন, নাগরিকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করে পৌরসভার সেবার মানোন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করাই এই বাজেটের মূল লক্ষ্য।
ভোরের আকাশ/রই