‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ স্লোগানে ঈশ্বরগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়ক ধরে ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদের সামনে গোল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে নিহত শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের ইমাম ও খতীব মাওলানা যাইনুল আবেদীন জমিরী।
বিক্ষোভ মিছিলে ছাত্র-জনতা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘গোলামী না আজাদী, আজাদী-আজাদী’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘তুমি কে আমি কে, হাদি-হাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘হাদি ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কইবো’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও’সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে হাতপাখা মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি হাবিবুল্লাহ, ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের ইমাম ও খতীব মাওলানা যাইনুল আবেদীন জমিরী, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতীব মুফতি আহসানুল্লাহ কাসেমী, জমিয়তে ওলামায়ে ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক মুফতি খায়রুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজিব, মোহাইমিনুল ইসলাম শিহাব, গণঅধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মো. আসাদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আমির খান, শ্রমিক অধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি একরাম হোসেন, খেলাফত ছাত্র মজলিস ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জয়নুল আবেদীন লাদেন, ইসলামী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ জুবায়েরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “আমরা অনেক সহ্য করেছি, আর নয়। হাদি ভাইয়ের অসম্পূর্ণ কাজ আমরা সম্পন্ন করব। তার মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আমরা একজন বলিষ্ঠ কণ্ঠ ও একজন প্রকৃত দেশপ্রেমিককে হারিয়েছি। অবিলম্বে হাদি ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
ভোরের আকাশ/এসএইচ