বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

আগামী কাল ১ সেপ্টেম্বর -বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। দিনটি উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলীয় কার্যালয়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকায় ব্যাপক সাজসজ্জা করা হয়েছে। নগরীতে এখন সাজ সাজ রব বিরাজ করছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কদ্বীপে স্থাপন করা হয়েছে ব্যানার ও ফেস্টুন। পাশাপাশি বিভিন্ন জনবহুল স্থানে স্থাপন করা হয়েছে ওভারহেড বিলবোর্ড ও ব্যানার। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থাপন করা হয়েছে এলইডি ডিসপ্লে। এসব এলইডি ডিসপ্লেতে বিএনপির ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্যের চিত্র তুলে ধরা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ব্যাপক প্রস্তুতিতে নগরীতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
১ সেপ্টেম্বর রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সকাল ৭টায় দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিকাল ৪টায় বাটার মোড় হতে বের করা হবে বর্ণাঢ্য র্যালি। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে অঙ্গ ও সহযোগী সংগঠন দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করবে।
এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন,“বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।”
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।
ভোরের আকাশ/ এনউব