রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি কোটির বেশি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান, গোডাউন ও বাণিজ্যিক স্থাপনা পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে বাজারের বাসস্ট্যান্ড এলাকায় বিশ্বাস সুপার মার্কেট ও পাশের একতা প্লাজায় এ আগুন লাগে। এতে প্রাথমিকভাবে কোটির বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয়দের দাবি, বিশ্বাস সুপার মার্কেটে ব্যবসায়ী জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।
ব্যবসায়ীদের দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, জহুরুল ইসলামের তুলার গোডাউন, মেশিন ও লেপ-তোষক পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মিলন হোসেনের ফ্রিজের গোডাউনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জহুরুল ইসলামের ভাই সাখাওয়াত হোসেনের গোডাউন, মেশিন ও একটি মোটরসাইকেল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ছাড়া মোবাইল টেলিকম ব্যবসায়ী আতিকুল ইসলামের দোকানে প্রায় ১০ লাখ টাকা, শফিক ইসলামের দোকানে ৫ লাখ টাকা, বিশ্বাস সুপার মার্কেটের মালিক হাসান বিশ্বাসের স্থাপনায় ১০ লাখ টাকা এবং পাশের একতা প্লাজার মালিক আমিনুল ইসলামের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে অগ্নিকাণ্ডে কোটির বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব শেষে এ পরিমাণ আরও বাড়তে পারে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. শাহাদাত হোসেন মিঞা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পানির সংকটের কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ভোরের আকাশ/আ.র