জামালপুরে ৬ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নে ছয় বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে ১০ নং শ্রীপুর ইউনিয়নের হায়েতপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় মদিনাতুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগ উঠেছে, একই এলাকার মজিবর রহমানের ছেলে অনিক (১৭) শিশুটিকে কৌশলে প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি নির্জন মুরগির খামারে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয় বলে পরিবারের দাবি। এই নৃশংস ঘটনার খবর জানাজানি হলে পুরো হায়েতপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি ও তীব্র উত্তেজনা বিরাজ করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। অভিযুক্ত অনিক বর্তমানে পলাতক থাকলেও তাকে আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অসহায় শিশুটির পরিবার ও স্থানীয় লোকজন এখন অপরাধীর সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় রয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য সাহস না পায়।
ভোরের আকাশ/নি