পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় নিজের মাকে কাঁচি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে উদ্দিন সরদারকে (২৩) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৃলাড়ীবাড়ী ইউনিয়নের লক্ষীকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোছা. সূর্যবানু (৬০) ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্দিন সরদার মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা নিয়ে প্রায়ই মায়ের সঙ্গে তাঁর বিরোধ হতো। মঙ্গলবার সকালে নেশার টাকা না দিলে মাকে হত্যার হুমকি দেন তিনি। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে কাঁচি দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই সূর্যবানুর মৃত্যু হয়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর পাশের একটি বাড়ি থেকে গ্রিল কেটে অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/সু.পা