খাগড়াছড়িতে তিন দিনব্যাপী উদ্যোক্তাদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়িতে উদ্যোক্তাদের নেতৃত্ব ও ব্যবস্থাপনাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘Leadership and Management Training for IYB Training Participants’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার মিলনপুরে হোটেল গাইরিং সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। এতে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
এ সময় জাবারাং কল্যাণ সমিতি'র প্রকল্প ব্যবস্থাপক দয়ানন্দ ত্রিপুরা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রুমেল মারমা।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের ProGRESS প্রকল্পের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো উদ্যোক্তাদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা নিজেদের উদ্যোগ পরিচালনা, পরিকল্পনা প্রণয়ন এবং ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত গ্রহণে আরও দক্ষ হয়ে উঠতে পারেন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নেতৃত্ব ও ব্যবস্থাপনাসংক্রান্ত জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। এর মাধ্যমে তাঁদের উদ্যোক্তা হিসেবে সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনায় কার্যকর ভূমিকা রাখার পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।
ভোরের আকাশ/আ.র