দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর নয় : অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি এবং ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অতিরিক্ত দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা একসময় খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল। সেখান থেকে উত্তরণের চেষ্টা করছে বর্তমান সরকার। মাত্র দেড় বছরের মধ্যে দেশের অর্থনীতিকে খাদের কিনারা থেকে তুলে আনা হয়েছে। অর্থ উপদেষ্টা আরও বলেন, জুডিশিয়ারির স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যে কোনো সরকারকেই সংস্কার করতে হয়। আমরাও কিছু সংস্কার করেছি। এসব সংস্কার বাস্তবায়নের জন্যই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
ভোট নিয়ে কোনো শঙ্কা আছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট কেন হবে না? এখন তো আর রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে কোনো বিশেষ দলও আসতে পারবে না। পেশিশক্তি দিয়েও নির্বাচন হচ্ছে না। সবাই সহযোগিতা করলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা চাই ভালো ও ত্যাগী মানুষ নির্বাচিত হোক, জনদরদি লোক আসুক-যারা কথায় নয়, কাজে প্রমাণ দেবেন। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন তা কেবিনে স্থানান্তর হয়েছে। পে-স্কেল সংস্কার প্রয়োজন বলেই সরকার এ বিষয়ে কাজ করছে। যতটুকু সম্ভব বাস্তবায়নের চেষ্টা করা হবে, তবে এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন বক্তব্য শেষে উপদেষ্টাসহ উপস্থিত সরকারি কর্মকর্তারা গণভোটের স্টলগুলো পরিদর্শন করেন এবং উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন। এর আগে সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন জামিউল হিকমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/র.ই