শিক্ষককে ছুরিকাঘাতের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামের লোহাগাড়ায় শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোছাইন মেহেদী, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খলিল চৌধুরী, শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনসহ অনেকে।
বক্তারা বলেন, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও তাদের আশ্রয়দাতাদের লোহাগাড়ায় কোনো স্থান হবে না। শিক্ষক নজরুল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ছাত্র-শিক্ষকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
এ ছাড়া এলাকায় সক্রিয় কিশোর গ্যাং ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানান বক্তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট লোহাগাড়া সদরের ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা অপহরণ করে বলে অভিযোগ ওঠে। পরে প্রধান শিক্ষক জামাল উদ্দিন, শিক্ষক নজরুল ইসলাম ও নাজিম উদ্দীনের সহায়তায় ওই ছাত্রকে উদ্ধার করা হয়। এ সময় কিশোর গ্যাংয়ের এক সদস্যকে থানায় সোপর্দ করা হয়।
পরে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যস্থতায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এর জেরে ক্ষুব্ধ হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শিক্ষক নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় শনিবার (৫ সেপ্টেম্বর) ভুক্তভোগী নজরুল ইসলাম সাতজনকে এজাহারভুক্ত আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এক আসামিকে গ্রেপ্তার করে।
ভোরের আকাশ/সু.পা