ঝিনাইদহের ইজিবাইক চালক সাবেক ছাত্রদল নেতার পাশে জেলা পরিষদ

ইজিবাইক চালিয়ে সংসার চালানো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে সাবেক ছাত্রদল সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ।
কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুকুলের ছেলে সাজিদ হাসান রিয়ানের আবেদনের প্রেক্ষিতে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তাদের হাতে তুলে দেয়া হয়।
এর আগে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তা জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের নজরে আসে।
স্কুল জীবন থেকেই মুকুল জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এরপর ইউনিয়ন থেকে উপজেলার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন মুকুল। কিন্তু সময়ের ব্যবধানে পরিবারের খরচ মেটাতে হিমশিম খেয়ে রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ রেজওয়ান ইসলাম মুকুল ইজিবাইক চালানো শুরু করেন। তিনি কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের মহর আলী মন্ডল ছেলে।
ভোরের আকাশ/সু.পা