পিরোজপুরে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে অটো চালকের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় অটোরিকশার চার্জার সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ শহিদুল ইসলাম (৬০) নামে অটোচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ৭টা দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম উপজেলার জগন্নাথকাঠি গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল গনির ছেলে।
স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তিনি তার ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জে রাখেন। শুক্রবার সকালে চার্জার খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/এনউব