এমপি ওবায়দুল্লাহ সালাফি
পরিচ্ছন্নতা অভিযানে রমজান কার্যক্রম শুরু

পবিত্র রমজান মাসকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন নীলফামারী-৩ আসনের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার প্রধান বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে এমপি সালাফি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাসেবার মান, রোগীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং হাসপাতাল চত্বরের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে পৌরসভার প্রধান বাজার এলাকায় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
বাজারের সড়ক, ড্রেন, ফুটপাত ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। এ সময় সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি পালনে সচেতনতার আহ্বান জানানো হয়। সংক্ষিপ্ত বক্তব্যে এমপি ওবায়দুল্লাহ সালাফি বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। মনকে পবিত্র করার পাশাপাশি আমাদের পরিবেশও পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।”
তিনি আরও বলেন, সুস্থ সমাজ গঠনে পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা নায়েবে আমির ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামানসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং রমজান মাসজুড়ে এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন।
ভোরের আকাশ/ র.ই