চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২০ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা টাস্ক ফোর্সের আওতায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ডিসি অফিস সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, অভিযানে আটক ২০ জেলের মধ্যে ১৩ জনকে ১০ দিন এবং ৭ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পাশাপাশি প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা সবাই চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা হলেন শুক্কুর শেখ, মফিজ গাজী, সাব্বির গাজী, ফরহাদ গাজী, হাবিব খান, তোফাজ্জল হোসেন, সিয়াম পাটওয়ারী, আলমগীর হাওলাদার, শহীদ গাজী, মো. আব্বাস, রিপন মিয়াজী, মো. মাসুদ, নুর মোহাম্মদ, দেলু সরদার, মো. শাকিল, কালু খান, মো. হাবিব, মো. হাবিব খান, মো. বারেক ও মো. রবিউল ইসলাম।
অভিযানে জেলে আটকের পাশাপাশি ৩০ কেজি ইলিশ মাছ, ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এ ছাড়া নৌকাগুলো কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভোরের আকাশ/আ.র