গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধার সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩০পিস ইয়াবাসহ সাইমুন হাসান সিফাত (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামে এ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইমুন হাসান সিফাত ওই গ্রামের মশিউর রহমান মানিকের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
গতকাল রাতে একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় মাদক কারবারি সাইমুন হাসান সিফাতকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের পকেট থেকে একটি সিগারেটের প্যাকেটের ভেতরে রাখা জিপারযুক্ত পলিব্যাগে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩ গ্রাম এবং স্থানীয় বাজারমূল্য আনুমানিক ৯ হাজার টাকা বলে জানা গেছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, 'গ্রেফতারকৃত মাদক কারবারিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।'
ভোরের আকাশ/ র.ই