নারায়ণগঞ্জ
কারামুক্তির দেড় ঘণ্টা পর যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার দেড় ঘণ্টার মধ্যেই প্রতিপক্ষের হামলায় মো. ইমন (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (রাত) মাসদাইর গুদারাঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। তিনি পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, একটি মাদক মামলায় ইমন কারাগারে ছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামিনে মুক্তি পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর একটি মোবাইল ফোনকল পেয়ে তিনি বাইরে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা অভিযোগ করে বলেন, তার ছেলের সঙ্গে কয়েকজনের দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রতিপক্ষের লোকজন পূর্বে তাকে র্যাবের হাতে ধরিয়ে দিয়েছিল বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, পরিকল্পিতভাবে ডেকে নিয়ে প্রতিপক্ষের লোকজন ইমনকে কুপিয়ে হত্যা করেছে। হামলাকারীদের মধ্যে একজনও একই দিন জামিনে কারাগার থেকে বের হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে ওসি আব্দুল মান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।
ভোরের আকাশ/ র.ই