বরিশালে ‘জাতীয় পল্লী উন্নয়ন পদক’ বাছাই কমিটির সভা

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বরিশালের আয়োজনে মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে ‘জাতীয় পল্লী উন্নয়ন পদক’ ২০২৪ ও ২০২৫ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রার্থী বাছাইয়ের জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মো. মামুন খন্দকার সভাপতিত্ব করেন।
গ্রামীণ উন্নয়নে বিআরডিবি’র গুরুত্ব তুলে ধরে সভায় জেলা প্রশাসক বলেন, গ্রামই দেশের প্রাণ এবং গ্রামীণ অর্থনীতি জাতীয় অগ্রগতির মূল চালিকা শক্তি।
বিআরডিবি’র মূল লক্ষ্য হলো গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে একটি উন্নত, সমৃদ্ধ ও টেকসই দেশ গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে বিআরডিবি উদ্যোক্তা তৈরিতে ক্ষুদ্রঋণ প্রদান, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়নসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে।
তিনি বলেন, জাতীয় পল্লী উন্নয়ন পদকের জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমিতি সংগঠনকে স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে মনোনয়ন করতে হবে। বাছাইয়ের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণ করতে হবে। এতে পল্লী উন্নয়নে অসামান্য অবদান রাখা যোগ্য প্রার্থী বা প্রতিষ্ঠান পদকের জন্য নির্বাচিত হবেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন, বিআরডিবি’র উপপরিচালক মোহাম্মদ হান্নান মিয়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ র.ই